মধ্যরাতে বাহরাইনে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
বাহরাইনে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর। স্থানীয় সময় শনিবার রাতে এবং বাংলাদেশ সময় রোববার রাত প্রায় ৩টার দিকে এ হামলা চালানো হয়।
ইরানের বিপ্লবী গার্ডের দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো। হামলার পর সেখানে আগুন ধরে যায়। তবে অবকাঠামোটির অবস্থান ও পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের কয়েকজন বাসিন্দা দেশটির পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন। দ্বীপটিতে বেশ কয়েকটি বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে।
অন্যদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ওড়ানোসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে।
ফার্স নিউজের দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে একাধিকবার বড় ধরনের হামলা চালিয়েছে ইরান।
সূত্র: এএফপি, ফার্স নিউজ।