নিজের মুখের হাড় দিয়ে ব্যতিক্রমী কানের দুল তৈরি করলেন অব্রি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা অব্রি মুখের অস্ত্রোপচারের সময় সরিয়ে ফেলা হাড়ের টুকরো দিয়ে তৈরি করেছেন এক জোড়া কানের দুল। অস্ত্রোপচারের আগে শল্যচিকিৎসকের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে হাড়ের টুকরোগুলো নিজের কাছে রেখে দিয়েছিলেন চল্লিশোর্ধ্ব এই নারী। কয়েক মাস পর সেগুলো দিয়েই তৈরি করান ব্যতিক্রমী এই গয়না।
নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে অব্রি জানান, ছোটবেলা থেকেই নিজেকে অন্য রকম মনে হতো তার। তবে তিনি যে একজন ট্রান্স নারী, তা দীর্ঘদিন নিজের কাছেও স্বীকার করতে চাননি। একপর্যায়ে নিজের পরিচয় সম্পর্কে নিজের কাছে সৎ থাকার পাশাপাশি প্রিয়জনদেরও বিষয়টি জানানোর প্রয়োজন অনুভব করেন তিনি। কয়েক বছর আগে নারী হিসেবে জীবনযাপন শুরু করেন অব্রি।
নিজের লিঙ্গপরিচয়ের সঙ্গে মুখের অবয়ব আরও সামঞ্জস্যপূর্ণ করতে চলতি বছরের শুরুর দিকে অস্ত্রোপচার করান তিনি। এ সময় মুখের বিভিন্ন অংশ থেকে সরিয়ে ফেলা হাড়ের পাতলা টুকরোগুলো নিজের কাছে রাখার ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসকও তার অনুরোধে সম্মতি দেন।
পরে হাড়ের টুকরোগুলো দিয়ে গয়না তৈরির জন্য একজন শিল্পীর খোঁজ শুরু করেন অব্রি। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের মাধ্যমে একজন গয়নার কারিগরের সন্ধান পান তিনি। ওই শিল্পীই হাড়ের টুকরোগুলো দিয়ে কানের দুল তৈরি করে দেন। দুলের ওপরের অংশ সাদা সোনার তৈরি, যাতে বসানো হয়েছে ছোট ছোট জিরকোনিয়া পাথর। আর নিচের অংশে ঝুলছে অব্রির নিজের মুখের হাড়ের টুকরো।
দুলের ছবি প্রকাশ করে অব্রি জানান, নিজের চেহারার যেসব বৈশিষ্ট্য একসময় তাকে অস্বস্তিতে ফেলত, সেগুলো পরিবর্তনের মধ্য দিয়ে তিনি নিজের মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছেন। একইভাবে অস্ত্রোপচারের সময় শরীর থেকে সরিয়ে ফেলা অংশগুলোকে নতুন রূপ দেওয়ার মধ্যেও সৌন্দর্য দেখছেন তিনি।
অব্রির কাছে এই দুলজোড়া কেবল গয়না নয়, বরং নিজের পরিচয় খুঁজে পাওয়ার পথচলা ও সাহসের স্মারক। তার কাছে হাড়ের আরও কিছু টুকরো রয়েছে। সেগুলো দিয়েও একই শিল্পীর মাধ্যমে একটি হার তৈরি করানোর পরিকল্পনা করছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস