আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয়সহ নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ এএম
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দুবাই কনস্যুলেট এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে কনস্যুলেট। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনায় কতজন ভারতীয় নাগরিক নিহত বা আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কনস্যুলেট।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আল ওয়াতান সড়কে ৪১ জন যাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।