১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টিকে ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা হিসেবে দেখছে ভারত। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।
জয়সওয়াল বলেন, ‘ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার বলেছে, তাকে কেবল ভারতই প্রত্যর্পণ করতে পারে।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা।
তিনি বলেন, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে নিজের আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন শেখ হাসিনা। পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করতেও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
শেখ হাসিনার দেশে ফেরার এই প্রস্তাবকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সরকার জানিয়েছে, দেশে প্রবেশের পরপরই তাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো একই আইনের আওতায় তার বিচার করা হবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে হাসিনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে ইচ্ছুক।
ঢাকা দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আসছে। বিষয়টি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স, নিউজ১৮