বোরকা পরে অস্ট্রেলিয়ার সংসদে প্রবেশ, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:১২ এএম
অস্ট্রেলিয়ার সিনেটে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন। জনসমক্ষে বোরকা নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করতে না দেওয়ায় তিনি প্রতিবাদস্বরূপ বোরকা পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন।
হ্যানসনকে বোরকা পরিহিত অবস্থায় চেম্বারে বসতে দেখে বেশ কয়েকজন সিনেটর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি পোশাক খুলতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে হয়।
গ্রিনস পার্টির নিউ সাউথ ওয়েলসের সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে সরাসরি ‘বর্ণবাদী আচরণ’ বলে মন্তব্য করেন। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যানও হ্যানসনের আচরণকে ‘লজ্জাজনক’ বলে সমালোচনা করেন।
সরকারি লেবার পার্টির সিনেট নেতা পেনি ওং এবং বিরোধী দলের অ্যান রাসটন—দুজনেই হ্যানসনের আচরণ নিন্দা করেন। পেনি ওং বলেন, এমন আচরণ সিনেটের মর্যাদা ক্ষুণ্ন করে। তিনি হ্যানসন পোশাক খুলতে অস্বীকৃতি জানানোয় তাকে সাময়িকভাবে বহিষ্কারের প্রস্তাবও দেন।
উল্লেখ্য, পলিন হ্যানসন ২০১৭ সালেও একইভাবে বোরকা পরে সিনেটে প্রবেশ করে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিলেন। অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত তিনি দীর্ঘদিন ধরে বোরকা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে হ্যানসন জানান, তার প্রস্তাবিত বোরকা নিষিদ্ধের বিল সিনেট বাতিল করায় প্রতিবাদস্বরূপ তিনি বোরকা পরে চেম্বারে প্রবেশ করেছেন। তার ভাষ্যে, “পার্লামেন্ট যদি বোরকা নিষিদ্ধ না করে, তবে আমি নিজেই দেখাব কেন এটি নিষিদ্ধ করা উচিত।”