ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে এ নোটিশ দেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এ আইনি নোটিশ পাঠান।
বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে বেসরকারি খাতে দেওয়ার অপচেষ্টা ও কথিত অশুভ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এদিকে সম্প্রতি দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী, এ সময়ে সরাসরি হামের সংক্রমণে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৮০৩ শিশু।