১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কালোটাকার বিস্তার রোধ এবং পর্যাপ্ত রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে এক হাজার টাকার নোট বাতিলের দাবিও জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পর্যাপ্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে টাকার ক্রয়ক্ষমতা কমে যেতে পারে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতার দাবি, অর্থনীতিতে মুদ্রার সরবরাহ ও পণ্যের সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রার ব্যয় বেড়ে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।

আইনি নোটিশে মূল্যস্ফীতির বিষয়টিকে সংবিধানের ৩২ অনুচ্ছেদে স্বীকৃত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গেও যুক্ত করা হয়েছে।

নোটিশদাতার বক্তব্য, প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির কারণে মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জনস্বার্থে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নোটিশে এক হাজার টাকার নোট বাতিলের পক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, উচ্চ মূল্যমানের এই নোট দৈনন্দিন লেনদেনে সাধারণ মানুষের তুলনামূলকভাবে কম প্রয়োজন হলেও দুর্নীতি, কর ফাঁকি এবং অবৈধ অর্থ গোপন রাখার কাজে এর ব্যবহার হতে পারে।

নোটিশদাতার দাবি, বড় মূল্যমানের নোটের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণের সুযোগ তৈরি হয়। এর ফলে ছায়া অর্থনীতির বিস্তার ঘটতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভারতের দুই হাজার রুপির নোট প্রত্যাহারের উদাহরণও তুলে ধরা হয়েছে। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক ২০২৩ সালে দুই হাজার রুপির নোট প্রত্যাহারের সময় এটিকে ‘ক্লিন নোট পলিসি’র অংশ হিসেবে উল্লেখ করেছিল। তখন নোটটি বৈধ মুদ্রা হিসেবে বহাল ছিল এবং জনগণকে ব্যাংক হিসাবে জমা দেওয়া অথবা অন্য মূল্যমানের নোটে বিনিময়ের সুযোগ দেওয়া হয়েছিল।

নোটিশে আরও বলা হয়েছে, স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ করতে হবে। পাশাপাশি এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এসব দাবি বাস্তবায়নে সরকারকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন করার কথাও নোটিশে জানানো হয়েছে।

নোটিশদাতা মো. মাহমুদুল হাসান মামুন সুপ্রিম কোর্টের আইনজীবী। নোটিশে তিনি অর্থনীতি, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একাধিক ডিগ্রি অর্জনের কথাও উল্লেখ করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970