সরকারি বাসভবন যমুনা ছেড়েছেন ড. ইউনুস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে তা প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।
ড. ইউনূসের প্রস্থানের পর গণপূর্ত অধিদপ্তর যমুনার সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করবে। সংস্কার শেষে ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।