একযোগে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। একযোগে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকেও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে পদায়ন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশে।

এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকেও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970