বাসের পর এবার লঞ্চভাড়াও বাড়ল, জেনে নিন নতুন ভাড়া
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:২৬ পিএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়েছে নৌপথেও। বাস ভাড়া বাড়ানোর পর এবার লঞ্চের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এতে যাত্রীদের কিলোমিটারভিত্তিক খরচ আরও বেড়ে গেছে।
মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে লঞ্চভাড়া বাড়ানোর ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা ভাড়া বৃদ্ধি পেয়েছে।
নতুন ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ৬ দশমিক ৪৯ শতাংশ ভাড়া বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে, যা প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা অনুযায়ী যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে।
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ১৯ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হয়। এরপরই বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়।
পরবর্তীতে ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়াও কিলোমিটারপ্রতি বাড়ানো হয় এবং সেই সিদ্ধান্তও সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়।
এভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাব পরিবহন খাতে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।