এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:০৬ পিএম
বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে, যা একই দিন থেকেই কার্যকর হয়েছে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট জেলায় পদ শূন্য না থাকলে তারা নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করতে পারবেন। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা তাদের কর্মস্থলের জেলাতেও বদলির আবেদন করার সুযোগ থাকবে।
এতে বলা হয়েছে, চাকরিতে যোগদানের পর দুই বছর পূর্ণ হলে শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন। নতুন কর্মস্থলে যোগদানের পর আবার দুই বছর পূর্ণ হলে পুনরায় বদলির আবেদন করা যাবে। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।
নীতিমালায় আরও বলা হয়েছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ে একাধিক শিক্ষক বদলি হতে পারবেন না। আবেদনকারী শিক্ষকরা সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন।
একাধিক আবেদন থাকলে নারী প্রার্থী, কর্মস্থল থেকে দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির জ্যেষ্ঠতা গণনা করা হবে সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অনলাইনে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তথ্য প্রকাশ করবে এবং সেই অনুযায়ী আবেদন আহ্বান করবে। যেসব শিক্ষকের এমপিও বন্ধ, সাময়িক বরখাস্ত বা যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে, তারা বদলির জন্য যোগ্য হবেন না।
এছাড়া জনস্বার্থে সরকার নিজ উদ্যোগেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলি করতে পারবে।