এক টাকায় ৫২ বছর শিশুদের পড়ানো লুৎফুর রহমান পেলেন সরকারি সম্মাননা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ পিএম
গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশুদের মাত্র এক টাকার বিনিময়ে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে পড়িয়ে আসছেন লুৎফুর রহমান। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও তার এই দীর্ঘ শিক্ষাসেবায় শিক্ষার আলো পেয়েছে বহু প্রজন্মের শিশু। ব্যতিক্রমী এই উদ্যোগের কারণে তিনি এলাকায় ‘এক টাকার মাস্টার’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
দীর্ঘদিনের এই শিক্ষাসেবার স্বীকৃতি হিসেবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে বিশেষ সম্মাননা পেয়েছেন লুৎফুর রহমান। একই সঙ্গে তাকে সরকারি অবসরভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লুৎফুর রহমানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
লুৎফুর রহমান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের পাশের ব্রহ্মপুত্র নদের বাঁধ এলাকায় বসবাস করেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন লুৎফুর রহমান। অর্থের অভাবে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়, তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তার লক্ষ্য। শিশুদের পড়ানোর বিনিময়ে অভিভাবকদের কাছ থেকে তিনি প্রতিদিন মাত্র এক টাকা করে নেন।
নিজ উদ্যোগে গড়ে তোলা এই শিক্ষাসেবা ধীরে ধীরে এলাকায় তাকে ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত করে তোলে। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা না করেও দীর্ঘ সময় ধরে শিশুদের পাঠদান করে আসছেন তিনি। তার কাছে পড়াশোনা করেছে বহু প্রজন্মের শিক্ষার্থী।
এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানোর এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তার দীর্ঘদিনের শিক্ষাসেবাকে বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে লুৎফুর রহমান ছাড়াও রমনী কান্ত পাঠশালার রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় কাজ করা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানকে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
এবারের সম্মাননাপ্রাপ্ত ১০২ জন শিক্ষকের তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি বিশেষভাবে অবদান রাখা শিক্ষাব্রতীরাও রয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।