সংসদে বাজেট উপস্থাপন কাল বৃহস্পতিবার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:১৪ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
সরকার জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে বাজেটের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হলেও এবার বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি থাকছে, যা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। বাজেটে পরিচালন ব্যয়ের জন্য মোট ব্যয়ের ৬৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া উন্নয়ন ব্যয় (এডিপি), ঋণ ও অগ্রিম এবং খাদ্য খাতে অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে। বাজেট বাস্তবায়নের অর্থ সংস্থানে সবচেয়ে বেশি নির্ভরতা রাখা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ওপর। এরপর থাকবে অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস।