মালয়েশিয়া থেকেই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সূচনা হচ্ছে মালয়েশিয়া দিয়ে। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে তিনি সেখান থেকেই সরাসরি চীন সফরে যাবেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, ২২ জুন রাতেই তিনি ও তার সফরসঙ্গীরা চীনের উদ্দেশে রওনা হবেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

চীনে অবস্থানকালে ২৩ জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ২৪ জুন বিকেলে দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সফরে আনুষ্ঠানিক কোনো চুক্তি সই না হলেও ১৫টির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। সফরের শেষ দিনে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে একই দিন ঢাকায় ফিরবেন সরকারপ্রধান।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারপ্রধান হিসেবে এটি তারেক রহমানের প্রথম উচ্চপর্যায়ের বিদেশ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বিএনপি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২১ জুন দুপুরে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়া সফরে সংস্কৃতি, তথ্য ও সম্প্রচার, সন্ত্রাস দমন সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি-সংক্রান্ত নোট অব এক্সচেঞ্জসহ একাধিক সমঝোতা স্মারক ও নথি বিনিময়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন এবং শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

অন্যদিকে চীন সফরকে কেন্দ্র করে শিক্ষা, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গণমাধ্যম, মানবসম্পদ উন্নয়ন এবং সবুজ উন্নয়নসহ বিভিন্ন খাতে ১৫টিরও বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। এ ছাড়া চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে সহযোগিতা, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, উচ্চমানের পণ্য রপ্তানি, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা এবং গণমাধ্যম সহযোগিতাসংক্রান্ত বিভিন্ন খসড়াও আলোচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীনে যাওয়া বর্তমান সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত, যার মাধ্যমে আঞ্চলিক ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা তুলে ধরা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970