তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, তুরস্ক সফরের শুরুতেই দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান।
সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি জেনারেল স্টাফের প্রধান সেলচুক বায়রাকতারওগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নৌ জাহাজ নির্মাণ কারখানার পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরের অংশ হিসেবে তিনি তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তর পরিদর্শন করেন। এ সময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।