জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: ইশরাক হোসেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৮ এএম
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, জুলাই হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং এ দাবিতে তাদের অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আন্দোলনের যোদ্ধাদের সরকার কোনোভাবেই ভুলে যায়নি। তাদের আত্মত্যাগ যথাযথ মর্যাদার সঙ্গে স্মরণ করা হবে এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সরকারের ধারণার কথাও উল্লেখ করেন।