রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা থেকে ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে।
যাচাই-বাছাইয়ের পুরো প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।
উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াতে ইসলামী সমর্থিত ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।