জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন সাধনই সরকারের প্রধান লক্ষ্য। জনগণ যাতে উন্নয়নের সুফল পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সব খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
নারী শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী করে তুলতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা হবে। মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
এ ছাড়া প্রাথমিক পর্যায়ে দেশের সুবিধাবঞ্চিত ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে পোশাক ও স্কুলব্যাগ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত শাসনামলে অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছিল, তার খেসারত এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে মানুষ দেশকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। এখন দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে।
রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে।