আগামী দুই বছর আমাদের সাবধান থাকতে হবে: অর্থমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বর্তমান সরকার। এর মধ্যে সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে আগামী দুই বছর এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরের মধ্যে এর সমাধান হবে না। অন্তত দুই বছর সময় লাগবে। ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল তৈরি করতেই দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন হবে। তাই এর আগে সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তবে সম্ভাব্য যেসব পদক্ষেপ দ্রুত নেওয়া সম্ভব, সরকার সেগুলো গ্রহণ করছে।

অর্থমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশে গ্যাস অনুসন্ধান করা হয়নি। এখন অনুসন্ধানের কাজ চলছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ করা হচ্ছে। কোন ধরনের জ্বালানি কত পরিমাণ প্রয়োজন, তা নির্ধারণ করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে। এর মাধ্যমে দেশের মানুষ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে।

রাজস্ব আদায়ের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবায়ন ও নীতি বিভাগ আলাদা করা হবে। রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে করারোপ করা হবে। এ জন্য তথ্যভান্ডার তৈরির কাজ চলছে।

শেয়ারবাজার প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেয়ারবাজার নিয়ে সতর্কসংকেত পাওয়া যাচ্ছিল। এরপর সেখানে পরিবর্তন আনা হয়েছে। দেশের শেয়ারবাজারে আরও বেশি তালিকাভুক্ত কোম্পানি প্রয়োজন।

ব্যাংক খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ব্যাংক খাতে মারাত্মক মূলধন ঘাটতি রয়েছে। ঘাটতির পরিমাণ এত বেশি যে সরকারের পক্ষে তা পূরণ করা সম্ভব নয়। পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণও অনেক বেশি। তাই অর্থায়নের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে।

নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং অর্থমন্ত্রীর কাছে নানা প্রশ্ন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-এর সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। তিনি বলেন, শুধু চ্যালেঞ্জ চিহ্নিত করাই নয়, ব্যবসায়ীরা এসব সমস্যার সমাধানের অংশ হতে চান। ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়াতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970