আজ বিশ্ব গন্ডার দিবস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। বিলুপ্তির ঝুঁকিতে থাকা গন্ডারের পাঁচটি প্রজাতি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রাণীটি রক্ষায় মানুষকে উৎসাহিত করতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১১ সাল থেকে আন্তর্জাতিকভাবে ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয়ে আসছে।
প্রায় ৫ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে গন্ডার। দীর্ঘ সময় ধরে নানা প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকলেও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে প্রাণীটি। অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংস এবং প্রজননের সুযোগ কমে যাওয়ায় বিশ্বে এখন সব মিলিয়ে প্রায় ২৭ হাজার গন্ডার টিকে আছে। পাঁচ প্রজাতির মধ্যে চারটিই রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে।
বর্তমানে পৃথিবীতে গন্ডারের পাঁচটি প্রজাতি রয়েছে। এগুলো হলো সাদা গন্ডার, কালো গন্ডার, সুমাত্রান গন্ডার, জাভান গন্ডার ও একশৃঙ্গ গন্ডার। এর মধ্যে সাদা ও কালো গন্ডার আফ্রিকায় এবং বাকি তিন প্রজাতি এশিয়ায় দেখা যায়।
আন্তর্জাতিক গন্ডার ফাউন্ডেশনের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, বন্য পরিবেশে সাদা গন্ডার রয়েছে প্রায় ১৫ হাজার ৭৫২টি। কালো গন্ডারের সংখ্যা প্রায় ৬ হাজার ৭৮৮টি। একশৃঙ্গ গন্ডার রয়েছে প্রায় ৪ হাজার ৭৫টি। তবে জাভান ও সুমাত্রান গন্ডারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। বিশেষ করে সুমাত্রান গন্ডার বিলুপ্তির অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।
গন্ডারের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হলো অবৈধ শিকার। মূলত শিংয়ের জন্যই শিকারিরা গন্ডার হত্যা করে। গন্ডারের শিং কেরাটিন নামের একটি উপাদানে তৈরি, যা মানুষের চুল ও নখেও রয়েছে।
গন্ডারের শিং বিভিন্ন প্রচলিত চিকিৎসায় ব্যবহারের দাবি থাকলেও এর কার্যকারিতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এরপরও শিংয়ের ব্যাপক চাহিদার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক গন্ডার অবৈধ শিকারের শিকার হয়।
গন্ডারের সংখ্যা দ্রুত বাড়ানোও সহজ নয়। আফ্রিকান গন্ডারের গর্ভধারণের সময় প্রায় ১৬ মাস। সাধারণত দুই থেকে তিন বছর পরপর একটি করে বাচ্চা জন্ম দেয় তারা। ফলে অতিরিক্ত শিকার কিংবা অন্য কোনো কারণে সংখ্যা কমে গেলে দ্রুত সেই ঘাটতি পূরণ করা সম্ভব হয় না।
তবে গন্ডার সংরক্ষণে কিছুটা আশার খবরও রয়েছে। বিভিন্ন সংরক্ষণ উদ্যোগের কারণে কিছু অঞ্চলে কালো গন্ডার ও একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়েছে। আফ্রিকার বিভিন্ন এলাকায় গন্ডারকে তাদের পুরোনো আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও চলছে।
বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে গন্ডারের আবাসস্থল রক্ষা, অবৈধ শিকার বন্ধ, আইন প্রয়োগ জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
একসময় আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বিচরণ করত গন্ডার। কিন্তু বর্তমানে তারা মূলত আফ্রিকার দক্ষিণ ও পূর্বাঞ্চলের সুরক্ষিত এলাকা এবং এশিয়ার কয়েকটি দেশে সীমিত হয়ে পড়েছে।
বিশ্বে টিকে থাকা প্রায় ২৭ হাজার গন্ডারকে রক্ষা করতে অবৈধ শিকার বন্ধের পাশাপাশি নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোকে রক্ষায় কার্যকর সংরক্ষণ উদ্যোগ আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।