এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

ছবি: সংগৃহীত

দেশে এলপিজির কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে জনঅসন্তোষ তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে এক লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

তিনি বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও পরিচালনাকারীরা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত মতবিনিময় সভায় তারা এ নিশ্চয়তা দেন।

পর্যাপ্ত মজুত থাকার পরও দেশের বিভিন্ন স্থানে এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ তৈরি করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হচ্ছে। এর প্রভাবেও বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, আগের সময়ের তুলনায় নৈরাজ্যকর পরিস্থিতি থেকে সরকার অনেকটাই বেরিয়ে এসেছে। বর্তমানে সহিংসতাও আগের তুলনায় অনেক কমে এসেছে।

তিনি আরও বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970