ফ্যামিলি কার্ড থেকে কেউ বাদ যাবে না, রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন: প্রতিমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

আগামী চার বছরের মধ্যে দেশের সব মানুষের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ কর্মসূচির আওতা থেকে কেউ বাদ যাবে না। এমনকি রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন।

মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, আগামী চার বছরের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

দেশের কয়েকটি এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেসব এলাকায় একটি দল ‘বেহেশতের টিকিট বিক্রির রাজনীতি’ করে নির্বাচিত হয়েছে, সেসব এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট তৈরির চেষ্টা চলছে।

১১ দলীয় ঐক্যের কর্মসূচি প্রসঙ্গে শাহে আলম বলেন, বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকটের মধ্যে লং মার্চ কর্মসূচি কীভাবে করা হলো, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, লং মার্চ করলেই যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লং মার্চ করত।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিয়েছে। কিন্তু মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে তারা চিন্তা করেনি। তারেক রহমান এসব বিষয় নিয়ে চিন্তা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, এসব কর্মসূচিতে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘কোনো অপতৎপরতাই কাজে আসবে না। সরকার তার নিজস্ব গতিতেই চলবে।’

এ সময় শহীদ আবু সাঈদের কবর ও বাড়ির সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970