ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম
উচ্চশিক্ষার জন্য রোমানিয়া যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়তা দিতে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।
শুক্রবার ২ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে প্রাথমিকভাবে শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার বিষয়েও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
দূতাবাস আরও জানিয়েছে, মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভ্রান্তি এড়াতে কেবল অফিসিয়াল ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে।
যেসব আবেদনকারী ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার প্রমাণ পাননি, তারা ভ্রাম্যমাণ কনস্যুলার মিশন চলাকালে ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার বিষয়টি ভালোভাবে যাচাই করে নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে রোমানিয়া দূতাবাস।