এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি সই করল বিমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার ৭ অক্টোবর রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান ও এয়ারবাসের মধ্যে এ চুক্তি সই হয়।

এই চুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিনের বোয়িংনির্ভরতা থেকে বেরিয়ে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো। চুক্তি অনুযায়ী, বিমান চারটি এ৩৫০ ৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে।

এর মধ্যে চারটি এ৩৫০ ৯০০ উড়োজাহাজ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে পরিচালনা করা হবে। আর ছয়টি এ৩২১নিও ব্যবহার করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। তুলনামূলক কম যাত্রী চলাচল করে এমন রুটে বড় উড়োজাহাজের পরিবর্তে এ৩২১নিও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন জুর্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ।

চুক্তি অনুযায়ী, এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে ১০টি উড়োজাহাজ কেনার মোট বাণিজ্যিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি বছর দুই দফায় বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। গত ৩০ এপ্রিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এতে ছিল আটটি ৭৮৭ ১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭ ৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭ ৮ উড়োজাহাজ। বাংলাদেশি মুদ্রায় ওই চুক্তির মূল্য প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা।

এরপর গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। এর মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭ ১০ এবং ছয়টি ৭৩৭ ৮ ম্যাক্স। দুই দফার চুক্তি মিলিয়ে বোয়িংয়ের কাছ থেকে বিমানের কেনা উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে বিমানের বহরে যুক্ত হতে পারে। সব উড়োজাহাজ পেতে ১১ থেকে ১২ বছর সময় লাগতে পারে। চুক্তির সময় পুরো অর্থ পরিশোধ করতে হবে না। উড়োজাহাজ সরবরাহের সময় ধাপে ধাপে মূল্য পরিশোধ করা হবে।

এয়ারবাসের ১০টি এবং বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫। এর মধ্যে ১৯টি প্রশস্ত কাঠামোর এবং ১৬টি সরু কাঠামোর উড়োজাহাজ।

বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে ১৪টি বোয়িং ও পাঁচটি ড্যাশ ৮। তবে দুটি উড়োজাহাজ প্রায় অচল হয়ে পড়েছে। বাকি ১৭টিও আগামী কয়েক বছরের মধ্যে বহর থেকে বাদ পড়ার কথা রয়েছে।

পুরোনো উড়োজাহাজগুলো বাদ পড়ার আগেই সক্ষমতার ঘাটতি মেটাতে আরও ১০টি উড়োজাহাজ ভাড়া নেওয়ার চেষ্টা করছে বিমান। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো উড়োজাহাজ ভাড়া নিতে পারেনি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি।

বর্তমানের ১৯টি উড়োজাহাজের সঙ্গে চুক্তিবদ্ধ ২৫টি বোয়িং ও ১০টি এয়ারবাস যুক্ত হলে ভবিষ্যতে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। তবে নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত স্বল্পমেয়াদি সক্ষমতার ঘাটতি মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিমান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970