যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

আলোচিত ইসলামি বক্তা ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হওয়ার প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি। সাধারণ মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির কারণেই তিনি গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি সাংবাদিক আকবর হোসেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় শায়খ আহমাদুল্লাহ এসব কথা জানান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য যখন তাকে ফোন করা হয়, তখন তিনি জানান, এত বড় দায়িত্ব পালনের জন্য তিনি প্রস্তুত নন। একই সঙ্গে তিনি নিজেই ড. আ ফ ম খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন এবং সরকারের কাছে তার জীবনবৃত্তান্ত পাঠিয়ে দেন।

পরবর্তীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব নিয়োগের সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং তার পরিবারের সদস্যরা শায়খ আহমাদুল্লাহকে ওই দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন। সরকারের বাইরেও অনেকে তাকে দায়িত্বটি গ্রহণে উৎসাহিত করেন। তবে শেষ পর্যন্ত তিনি সেই প্রস্তাবও গ্রহণ করেননি।

দায়িত্ব দুটি গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি আদর্শ বহুমুখী মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। সাধারণ মানুষের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওই মসজিদে তিনি নিজেই জুমার নামাজ পড়াবেন। তার এই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই মানুষ মসজিদ নির্মাণে স্বতঃস্ফূর্তভাবে অনুদান দিয়েছেন।

তার ভাষ্য, বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব গ্রহণ করলে সাধারণ মানুষের সঙ্গে করা সেই প্রতিশ্রুতি পূরণ করা তার পক্ষে সম্ভব হতো না। তাই তিনি নিজের দেওয়া কথা রক্ষা করাকেই গুরুত্ব দিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, তিনি যে মসজিদ নির্মাণ করছেন, সেটিকে শুধু নামাজ ও ইবাদতের স্থান হিসেবে দেখতে চান না। বরং সমাজের বিভিন্ন ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।

তিনি আরও বলেন, দেশের ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সরকারি পদ কিংবা বড় কোনো প্রশাসনিক দায়িত্বে থাকা জরুরি নয়। একজন মানুষ তার নিজের অবস্থান থেকেই সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970