স্বামীকে দাফনের এক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি চিরনিদ্রায় দম্পতি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ জীবনের সঙ্গী ছিলেন তারা। জীবনের মতো মৃত্যুতেও যেন একে অপরের সঙ্গী হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল জলিল ও আমিনা বেগম। স্বামীকে দাফনের এক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্ত্রী। পরে একই পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হয় তাকে।

মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। মারা যাওয়া দম্পতি হলেন আব্দুল জলিল, বয়স ৭০ বছর এবং তার স্ত্রী আমিনা বেগম, বয়স ৬০ বছর। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর প্রথমে স্ট্রোকে আক্রান্ত হন আমিনা বেগম। এর প্রায় আড়াই ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন তার স্বামী আব্দুল জলিলও। পরে দুজনকেই চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে আব্দুল জলিলকে বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান তিনি।

মঙ্গলবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল জলিলের দাফন সম্পন্ন হয়। দাফন শেষে স্বজনেরা বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই আসে আরেকটি শোকের সংবাদ। বিকেল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।

মাত্র এক ঘণ্টার ব্যবধানে বাবা ও মাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। ছেলে আলম মিয়া জানান, তার বাবা ও মায়ের মধ্যে গভীর ভালোবাসা ও বোঝাপড়া ছিল। একই সময়ে অসুস্থ হওয়ার পর তাদের শেষ বিদায়ও হলো পাশাপাশি। বিকেল ৪টার দিকে বাবাকে দাফন করে বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই মায়ের মৃত্যুর খবর পান তারা। একই দিনে বাবা ও মাকে হারিয়ে তারা যেন একসঙ্গে এতিম হয়ে গেলেন।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একই দিনে অল্প সময়ের ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুর ঘটনা খুবই বিরল। এতে পরিবারটির জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহত দম্পতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দীর্ঘদিনের জীবনসঙ্গীদের এমন বিদায়ে স্বজনদের শোক আরও ভারী হয়ে উঠেছে। একই দিনে একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল জলিল ও আমিনা বেগম।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970