আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম
ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার, ৮ অক্টোবর বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা শুনবেন। একই সঙ্গে আবরার ফাহাদের বিচার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা সম্ভব, তা নিয়েও আলোচনা হবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, দেশে ফেরার পর এই প্রথম আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা ও অসুবিধার বিষয়গুলো শুনবেন তিনি।
প্রয়োজন অনুযায়ী আবরার ফাহাদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী দাঁড়াবেন বলেও জানিয়েছেন ছাত্রদলের এই দুই নেতা।