চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের ঘেরে বিষ, বিএনপি নেতা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক সিঙ্গাপুরপ্রবাসীর মাছের প্রকল্পে হামলা, ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে কালাম মণ্ডল নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ৭ অক্টোবর বিকেলে কালাম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এর আগে মঙ্গলবার ৬ অক্টোবর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মণ্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে আসাদ মণ্ডলের মাছের প্রকল্পে হামলা চালানো হয়। এ সময় প্রকল্পের চারপাশের ঘের ভাঙচুর করা হয়। পাশাপাশি পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলা কেটে নেওয়ার অভিযোগও উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাকে হুমকি দিয়ে যায়। পরে ওই রাতেই পুকুরে বিষ প্রয়োগ করা হয়।

বিষ প্রয়োগের পর পুকুরের প্রায় সব মাছ মারা যায়। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আসাদ মণ্ডল।

আসাদ মণ্ডল জানান, তিনি ১৬ থেকে ১৭ বছর ধরে সিঙ্গাপুরে শ্রম দিয়ে উপার্জন করা অর্থ দিয়ে এলাকায় দুই বিঘা জমির ওপর মাছের প্রকল্প গড়ে তুলেছেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মণ্ডল দাবি করেন, প্রকল্পের মধ্যে তারা জমি কিনেছেন। এ নিয়ে রাজবাড়ীর আদালতে একটি মামলা চলমান রয়েছে।

আসাদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের পাশাপাশি অভিযুক্তরা বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়।

প্রকল্পের কর্মচারী সুমন মণ্ডল বলেন, বিষ প্রয়োগের পর পুকুরের মাছ মারা গেছে। এতে প্রকল্পের মালিকের পাশাপাশি সেখানে কর্মরত প্রায় ২০ জন শ্রমিকও ক্ষতির মুখে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

পাংশা মডেল থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970