নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, সরকারের তীব্র নিন্দা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে, এমন একটি গোষ্ঠীর সদস্যরা এ হয়রানির ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়টি তদন্তসাপেক্ষ।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে সরকার।