ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার তীব্র নিন্দা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি, হেনস্তা ও অনলাইনে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার সরকারের ১২ জন সাবেক উপদেষ্টা। মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ ঘটনার কঠোর নিন্দা জানান।
বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে ধারাবাহিক হয়রানি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় তারা গভীরভাবে ক্ষুব্ধ। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক ই আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, বছরের পর বছর অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, দুর্নীতি, পদ্ধতিগত দমন পীড়ন এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশ সংকটের মুখে পড়েছিল। এমন পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের কঠিন দায়িত্ব পালনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে বলে দাবি করেন তারা।
সাবেক উপদেষ্টাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী শাসনামলে নিয়মিতভাবে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড বন্ধে ভূমিকা রেখেছিল। তারা আশা করেছিলেন, পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অতীতের নিপীড়নের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এরপরও অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচার, ভুল তথ্য ছড়ানো এবং শারীরিকভাবে আঘাত করার হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সাবেক উপদেষ্টারা।
তাদের অভিযোগ, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এর উদ্দেশ্য অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করা। এ ধরনের কর্মকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এর কঠোর নিন্দা জানান তারা।
সাবেক উপদেষ্টারা আরও বলেন, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যাচার, অনলাইনে হয়রানি কিংবা ব্যক্তিগত হুমকি দিয়ে জুলাইয়ের প্রতিশ্রুত পরিবর্তনের প্রতি তাদের অঙ্গীকার থেকে সরানো যাবে না।
এদিকে, সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তার দিকে এগিয়ে গিয়ে উচ্চ স্বরে স্লোগান দিচ্ছেন।
ভিডিওতে বিক্ষোভকারীদের ‘হোয়াই ইউ কাম হিয়ার’সহ বিভিন্ন অপবাদসূচক কথা বলে চিৎকার করতে শোনা যায়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।