ঝাড়ফুঁকের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় হোসাইন আহম্মেদ (৫৫) নামের ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হোসাইন আহম্মেদের বাড়ি নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকায়। তার বাবার নাম সেকান্দার নিন আঃ আজিজ।

মামলার এজাহার অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর প্রচণ্ড পেটব্যথায় অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। মেয়ের চিকিৎসার আশায় তার মা তাকে হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান। কিশোরীকে দেখার পর অভিযুক্ত তার মাকে সরিষার তেল ও পানির বোতল আনতে বাড়িতে পাঠান।

এজাহারে অভিযোগ করা হয়েছে, কিশোরীর মা বাড়িতে যাওয়ার সুযোগে ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেন হোসাইন আহম্মেদ। এরপর তিনি কিশোরীকে জড়িয়ে ধরেন এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে কিশোরীর পোশাক ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, কিশোরীর চিৎকার ও ছটফটানির শব্দ শুনে তার মা এবং আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

কিশোরীর মায়ের অভিযোগ, মেয়ের অসুস্থতার কারণে চিকিৎসা করানোর উদ্দেশ্যেই তিনি অভিযুক্তের কাছে গিয়েছিলেন। কিন্তু সরিষার তেল ও পানি আনতে বাড়িতে যাওয়ার পর ফিরে এসে মেয়েকে বিপদের মধ্যে দেখতে পান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970