সৌদির বিমানবন্দরে হামলা: তিন দিনে ঢাকা থেকে বাতিল ৮২ ফ্লাইট
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রভাবে গত তিন দিনে ঢাকা থেকে পরিচালিত ৮২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ১৩ হাজার ৭১ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব তথ্য উঠে এসেছে।
কর্তৃপক্ষ জানায়, শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৩২টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন দেশ হয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে যাত্রী পরিবহন করা সম্ভব হয়নি।
এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এসব পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত রেখেছে।
এ ছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। ফলে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।