দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। এ ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি।

সোমবার ১৯ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আলোচনা চলছে।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বর্তমান সরকারের সঙ্গে দেশটির সম্পর্ক ঐতিহাসিক। আগামী দিনে এ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী। এ ধরনের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য বিনিময় ও যোগাযোগ থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে তথ্যের ঘাটতি কেন হয়েছে, তা জানতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ঘটনাটিকে হতাশাজনক ও দুঃখজনক উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, যে অভিযোগ বা অপরাধের কারণে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা বাংলাদেশের জন্য হতাশাজনক। তিনি বলেন, পবিত্র কাবা শরিফের মর্যাদা এবং মক্কায় যাওয়ার উদ্দেশ্য পবিত্র নিয়তের সঙ্গে সম্পর্কিত। মৃত্যুদণ্ড কার্যকরের পেছনে যে কারণের কথা জানা গেছে, তা সত্য হলে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক।

মৃত্যুদণ্ড কার্যকরের পর ব্লাড মানি বা ক্ষতিপূরণের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ায় এখন আর সে সুযোগ নেই। তবে তথ্য বিনিময়ে কোথায় ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970