নভেম্বরে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠক আগামী নভেম্বরের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে আবুধাবিতে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য এই বৈঠকে যুদ্ধের অবসানের পর রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

পেসকভ বলেন, শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সমন্বিত সমাধানে পৌঁছানো সম্ভব না হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।

আলোচনায় ইউরোপের দেশগুলো অংশ নিলে বৈঠকটি ত্রিপক্ষীয় থেকে চার পক্ষের আলোচনায় রূপ নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, আগেভাগে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।

তবে তিনি স্পষ্ট করেছেন, নভেম্বরের প্রথমার্ধে আবুধাবিতে যে বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে, সেটি প্রাথমিকভাবে ত্রিপক্ষীয় কাঠামোতেই অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। তবে ইউরোপের অংশগ্রহণ ছাড়া ইউরোপীয় নিরাপত্তাব্যবস্থার কাঠামো নিয়ে আলোচনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যান্টাইন প্রাসাদে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানান, নভেম্বরে ইউক্রেন ইস্যুতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে নীতিগতভাবে প্রস্তুত মস্কো।

উশাকভ বলেন, আগামী ১০ নভেম্বরের কাছাকাছি সময়ে ত্রিপক্ষীয় আলোচনা আবারও শুরু করার প্রস্তুতির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এসব আলোচনায় যুদ্ধ-পরবর্তী সময়ে রাশিয়া ও ইউক্রেনের জন্য নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সেন্ট পিটার্সবার্গ ও নরওয়ের রাজধানী অসলোতে গঠনমূলক আলোচনা করেছেন। গত মঙ্গলবার অসলোতে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

উইটকফ জানান, পরবর্তী সময়ে কারিগরি পর্যায়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

এর আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে যত দ্রুত সম্ভব ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে সমর্থন করে কিয়েভ।

জেলেনস্কি বলেন, আলোচনার বিষয়বস্তু স্পষ্ট। এর লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নেওয়া এবং নেতাদের পর্যায়ে বৈঠকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা। বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। গত ২৩ ও ২৪ জানুয়ারি, ৪ ও ৫ ফেব্রুয়ারি এবং ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এসব বৈঠক হয়। প্রথম দুই দফার আলোচনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হয়। তৃতীয় দফার বৈঠক বসেছিল সুইজারল্যান্ডের জেনেভায়।

সূত্র : আনাদোলু এজেন্সি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970