রংপুরে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ১, আহত ২০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম
রংপুরের তারাগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রংপুর সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীর ডোমার থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলমান রয়েছে।