মাত্র ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে চাঁদপুরের ক্ষুদে শিক্ষার্থী মো. আশ্রাফ আহমেদ নবীন। এক বছর ৯ মাস ১০ দিনের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে পবিত্র কুরআন মুখস্থ করে এ কৃতিত্ব অর্জন করেছে সে।
আশ্রাফ আহমেদ নবীন চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। সে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের গোড়ার পশ্চিম পাশে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদ্রাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ জানুয়ারি পবিত্র কুরআন হিফজ শুরু করে আশ্রাফ। দীর্ঘ সময়ের নিয়মিত অধ্যয়ন ও অনুশীলনের পর ২০২৬ সালের ২৮ অক্টোবর পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে সে। মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহর তত্ত্বাবধানে তার হিফজ কার্যক্রম সম্পন্ন হয়।
আশ্রাফের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষকরা। হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, মাত্র ১০ বছর বয়সে মহান আল্লাহর অশেষ রহমতে আশ্রাফের ৩০ পারা হিফজ সম্পন্ন করা তাদের জন্য আনন্দের বিষয়। এ অর্জনের পেছনে আশ্রাফের অধ্যবসায়, মা বাবার সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা রয়েছে।
তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন আশ্রাফকে পবিত্র কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দেন এবং দ্বীন ও মানবতার সেবায় নিয়োজিত রাখেন, এটাই তাদের প্রত্যাশা।
এদিকে, মাদ্রাসার পরিচালকদের পক্ষ থেকে আশ্রাফ আহমেদ নবীনকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন আশ্রাফকে কুরআনের একজন হক্কানি হাফেজ হিসেবে কবুল করা হয় এবং তার মা বাবার শ্রম ও ত্যাগের উত্তম প্রতিদান দেওয়া হয়।
পাশাপাশি ভবিষ্যতে দ্বীনের দাঈ হিসেবে দেশ ও জাতির খেদমত করার তাওফিক কামনা করা হয়েছে। আশ্রাফের হিফজ সম্পন্ন করতে যেসব শিক্ষক শ্রম দিয়েছেন, মহান আল্লাহ যেন তাদের প্রচেষ্টা কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেন, সেই প্রার্থনাও করেছেন মাদ্রাসার পরিচালকেরা।