এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তারা। এ পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি ও ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ৩ নভেম্বরের মধ্যে জানানো হবে।
শনিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি এবং পরীক্ষার ফি কত হবে, তা নির্ধারণ করে আগামী ৩ নভেম্বরের মধ্যে বিস্তারিত জানানো হবে।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা আয়োজন করা যায় কি না, তা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর ফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।
সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে পুরো এক বছর অপেক্ষা করতে হয়।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
আজ ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।