স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপরাধ মানুষ হত্যা, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, এ অবস্থা থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কোন বাংলাদেশ, আমরা কোন জাতি? যে জাতি নিজেরাই নিজেদের ধ্বংস করছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘকাল ধরে শিক্ষার্থীরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছে। তারা সমাজের পরিবর্তন এবং পুরো ব্যবস্থার সংস্কার চেয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সব সময় সেই লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।
ঢাকা কলেজের ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এই কলেজ বাংলাদেশের পাশাপাশি সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে বহু সৃজনশীল ও মেধাবী মানুষের সৃষ্টি হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সব সময় রাজনৈতিকভাবে সচেতন ছিল এবং বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে কলেজটির শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা উপকরণের সংকটের কথা শুনে দুঃখ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, এই কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন, হোস্টেল, ভালো লাইব্রেরি ও গবেষণাগারের ব্যবস্থা নেই। একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ধরনের সীমাবদ্ধতা হতাশাজনক।
দেশের শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ পাচ্ছে না। তাই এমনভাবে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যাতে তা কার্যকর হয় এবং দেশের প্রয়োজন, মানুষের প্রত্যাশা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এ দেশের জন্য পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন। একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন ও আত্মত্যাগের ভিত্তিতে এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ হবে মানবিকতা ও সাম্যের ভিত্তিতে গড়ে ওঠা একটি রাষ্ট্র। যেখানে প্রত্যেক মানুষ নিজের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবে।
শিক্ষকদের দায়িত্বের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের কাজ শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণার মানসিকতা ও সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
সবশেষে নতুন প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান প্রজন্ম অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তাদের হাত ধরেই বাংলাদেশ একটি বাসযোগ্য, মানবিক ও সমৃদ্ধ সমাজ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।