অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা। সিডনি বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সফরে ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে প্রবাসীদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সবশেষ আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।