দেশ অস্থিতিশীল করতে শেখ হাসিনার কিছু লাশ দরকার: রিজভী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পতিত আওয়ামী লীগ সহিংসতা ও প্রাণহানির পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আন্দোলনকে বেগবান করার নামে শেখ হাসিনার কিছু লাশের প্রয়োজন।

শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। পাচার করা অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রকাশিত হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট থানায় গ্রেপ্তার হওয়া ওসির ফোনেও এ সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রশাসন ও পুলিশ বিভাগের ভেতরে এখনো শেখ হাসিনার অনুসারীরা সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমানের সরকার গুম, খুন কিংবা ক্রসফায়ারের পথে হাঁটছে না। বরং দেশে স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

প্রয়াত নেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদি রাজনীতিবিদ। জীবনের শুরু থেকে ধাপে ধাপে তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিতে উঠে এসেছেন। রাজনীতির বাইরে অন্য কোনো পেশা কিংবা পটভূমি নিয়ে তিনি কখনো চিন্তা করেননি। আন্দোলন সংগ্রাম ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবেও নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রছুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970