‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি নয় নয়াদিল্লি।
শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, নয়াদিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের ‘পলিটিক্যাল মাস্টারদের’ নির্দেশে দেশে দলটির নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। এ বিষয়ে ভারতের বক্তব্য কী?
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না।
এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের অগ্রগতি জানতে চান আরেক সাংবাদিক।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য বা হালনাগাদ খবর নেই। এ সময় আগের সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।
এর আগে গত ১৩ নভেম্বরের সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং সে অনুযায়ী বিবেচনা করা হবে।