সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। জাহিদ মালেকের বাড়ির সামনেই বাসটি পার্কিং করা ছিল।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। বাসটি ভূঁইয়া পরিবহনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার থেকে পাঁচ দিন ধরে বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তারা দেখতে পাননি। মসজিদের মাইকে প্রথমে পল্লী বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ঘটনাস্থলে এসে বাসে আগুন জ্বলতে দেখা যায়। এরপর এলাকাবাসী সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ ঘটনায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চলমান পরিস্থিতিতে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলা করা হবে।
তিনি আরও বলেন, জেলার সর্বত্র পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি কার্যক্রম বাড়ানো হয়েছে। গোয়েন্দা পুলিশের কার্যক্রমও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।