ছাত্রদলের পরিচয়ে ক্যাম্পাসে প্রভাব, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং ছুরি দেখিয়ে এক যাত্রীর মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে দেখা গেছে।

অভিযোগ রয়েছে, সাবিদ হাসান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও ঢাকা কলেজে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। এ ঘটনায় তার রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র হাতে খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ সময় বাসের যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর দিকে ছুরি প্রদর্শন করে তার মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং ফোনটি তল্লাশি করা হয়।

জানা গেছে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে ভর্তি হন। কলেজে ভর্তির পর ছাত্রদলের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি হয়। ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবেও ক্যাম্পাসে পরিচিত ছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে মিল্লাদ হোসেনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরপরও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন সাবিদ, এমন অভিযোগ রয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের এক আহ্বায়ক সদস্যের সঙ্গে নিউমার্কেট এলাকায় ফুটপাতে ব্যবসায়িক সম্পর্ক থাকার কথাও জানা গেছে।

সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ছাড়া সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে নিজের নামের পাশে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছেন সাবিদ।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, সাবিদ হাসান কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদলের পরিচয় ও মিল্লাদের নাম ব্যবহার করে তিনি ক্যাম্পাসে চলাফেরা করতেন। বিভিন্ন কর্মসূচিতেও তাকে মিল্লাদ হোসেনের সঙ্গে দেখা গেছে।

ওই শিক্ষার্থীর দাবি, মিল্লাদ তাকে উৎসাহ দিতেন। এমনকি তার জন্মদিনে কেক কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করেছিলেন। নিউমার্কেটের বিশ্বাস বিল্ডিংয়ের সামনেও তাদের নিয়মিত একসঙ্গে আড্ডা দিতে দেখা যেত।

এদিকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে মিল্লাদ হোসেনের সঙ্গে সাবিদের জন্মদিন উদ্‌যাপনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, একদিকে ছাত্রলীগের এক নেতাকে কেক খাওয়াচ্ছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব, অন্যদিকে সেই ব্যক্তিই গোপালগঞ্জে বাস আটকে সাধারণ মানুষকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াচ্ছেন। এ ঘটনায় সংগঠনের দায়িত্বশীল নেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রাশেদুল আমিন গণমাধ্যমকে বলেন, সাবিদ ছাত্রদলের পরিচয়ে ক্যাম্পাসে চলাফেরা করতেন। তিনি ছাত্রদলের সদস্য সচিবের সঙ্গে রাজনীতি করতেন বলেও জানান রাশেদুল।

অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, সাবিদ তাদের কোনো কর্মী নন। ক্যাম্পাসের জুনিয়র হিসেবে তার সঙ্গে পরিচয় ছিল। শুরুতে অনেক জুনিয়রই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বিভিন্ন সামাজিক ও ক্যাম্পাসকেন্দ্রিক কর্মসূচিতেও অংশ নেন। তবে সাবিদ সাংগঠনিকভাবে তাদের কোনো কমিটিতে ছিলেন না এবং সংগঠনের কার্যক্রমেও সক্রিয় ছিলেন না।

মিল্লাদ হোসেন আরও বলেন, গত ছয় মাস ধরে সাবিদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, দেখাও হয়নি। তার পারিবারিক বা ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় সম্পর্কেও তিনি জানতেন না। কেউ গোপনে অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা তাদের অজানা থাকতে পারে। বিষয়টি আগে জানা থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতো বলেও জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার কথা বলেন ঢাকা কলেজ ছাত্রদলের এই নেতা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970