নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে সাইনবোর্ড এলাকায় প্রো অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
শিমরাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে বাসচালকের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, দুজন ব্যক্তি যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না বলে চালক জানিয়েছেন।
তবে আগুন লাগার কারণ নিয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, যাত্রীবেশে ওঠা দুই ব্যক্তি বাসে আগুন দিয়েছেন। অন্যদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানিয়েছেন, বাসটিতে মাত্র দুজন যাত্রী ছিলেন এবং আগুন লাগার পর তারা নেমে যান। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন।