দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: রাষ্ট্রপতি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ এএম

ছবি: সংগৃহীত

দেশকে অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যে চক্রান্ত চলছে, তা সবাইকে একসঙ্গে রুখে দিতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে। দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, সেগুলো প্রতিহত করার সক্ষমতা এ দেশের মানুষের রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজন শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষকে এই আদর্শে অনুপ্রাণিত হতে হবে।

বৌদ্ধ ধর্মের প্রয়াত নেতাদের স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের কর্ম ও অবদানের কারণে তারা মানুষের অন্তরে চিরদিন বেঁচে থাকবেন। একই সঙ্গে গৌতম বুদ্ধের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে চলার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। কিন্তু সেই অর্জনকে নষ্ট করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর মাধ্যমে বাংলাদেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতেও এ ধরনের অপচেষ্টা প্রতিহত করেছে। সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক্-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংবিধান প্রত্যেক নাগরিককে যে অধিকার দিয়েছে, তা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, এ দেশের সবাই বাংলাদেশি নাগরিক। সবার অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার থাকতে হবে।

দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে হবে। আমরা সবাই এই মাটির সন্তান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করছেন। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রত্যাখ্যান করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে।

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম দেশে ফিরিয়ে এনেছিলেন।

এর মাধ্যমে তিনি বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। সেই পবিত্র দেহভস্ম এখনো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সম্পদ।

অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তিনি স্মারকগ্রন্থের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970