সংরক্ষিত আসন নিয়ে বিএনপিতে দুই বোনের লড়াই

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে নতুন রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নকে ঘিরে একই পরিবারের দুই চাচাতো বোনের প্রতিদ্বন্দ্বিতা এখন স্থানীয় রাজনীতির প্রধান আলোচ্য বিষয়।

একদিকে সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণী, অন্যদিকে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের নেত্রী সাদিয়া হক দুজনেই মনোনয়নপত্র সংগ্রহ করায় বিষয়টি এখন ‘পারিবারিক ঐতিহ্য বনাম রাজনৈতিক অভিজ্ঞতা’র লড়াইয়ে রূপ নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন তার কন্যা সালিমা তালুকদার আরুণী। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। আগের নির্বাচনেও তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

তৃণমূলের একাংশ মনে করছে, তাকে মনোনয়ন দেওয়া হলে তা হবে একজন প্রভাবশালী নেতার রাজনৈতিক উত্তরাধিকারের স্বীকৃতি এবং দলীয় ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা।

অন্যদিকে সাদিয়া হক তিন দশকের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয়। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

তার সমর্থকদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, জেল-জুলুম এবং সাংগঠনিক দক্ষতাই তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

দুই প্রার্থীর শক্তির জায়গা আলাদা। একদিকে পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব, অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও আন্দোলনের অভিজ্ঞতা। এই প্রতিযোগিতায় সরিষাবাড়ী বিএনপির তৃণমূলে বিভাজনও দেখা দিয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ বলেন, মনোনয়ন যিনিই পান না কেন, সিদ্ধান্তটি যেন যোগ্যতা, ত্যাগ, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে হয়। কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তারা এমন একজন প্রার্থী চান যিনি দলকে সংগঠিত করবেন এবং তৃণমূলে ইতিবাচক বার্তা দেবেন।

সচেতন মহলের মতে, এই প্রতিদ্বন্দ্বিতা শুধু একটি আসনের মনোনয়ন লড়াই নয়, বরং দলের ভেতরে নেতৃত্ব নির্বাচন ও ত্যাগের মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। শেষ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব কাকে বেছে নেয়—ঐতিহ্য নাকি অভিজ্ঞতা, তা নিয়ে এখন আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় পর্যায়ে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970