‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরে কারখানায় ভাঙচুরের ভিডিও ধারণ করায় তৌফিক নামে এক ব্যক্তিকে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খাঁন জানান, গত ২ নভেম্বর আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গাজীপুর সদর উপজেলার পূর্ব মির্জাপুরে কারখানার সামনের সড়কে নোমান টেরি টাওয়েল লিমিটেড ও তালহা ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। এ সময় আন্দোলনকারীদের মধ্যে অনেকে সহিংস হয়ে ওঠেন। কয়েকজন কারখানার ফটক ও প্রতিষ্ঠান ভাঙচুরের চেষ্টা করেন বলেও দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, এ সময় তৌফিক ভাঙচুরের ঘটনা মুঠোফোনে ধারণ করতে গেলে শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা তাকে মারধর করেন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে কে বা কারা তাকে আহত অবস্থায় ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে তার মৃত্যু হয় বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলন যে আর শুধু শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ নেই, তৌফিকের মৃত্যুর ঘটনা তার প্রমাণ। দেশকে অশান্ত করতে আওয়ামী দুর্বৃত্তরা চক্রান্ত শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, শ্রমিকের ছদ্মবেশে হত্যাকাণ্ড ঘটিয়ে শ্রমিক বিক্ষোভ উসকে দেওয়া এবং দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আরেকটি ১/১১ ঘটানোই তাদের উদ্দেশ্য।

এ পরিস্থিতিতে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাদের পাতা ফাঁদে পা দিলে সংশ্লিষ্টরাও বিপদে পড়তে পারেন বলে সতর্ক করেন রাশেদ খাঁন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970