পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। তার অভিযোগ, জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসে উসকানি দিয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। অগ্নিসন্ত্রাসে উসকানিদাতা হিসেবে তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা উচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
জামায়াত আমিরের সাম্প্রতিক একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়বেন এবং সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেবেন। এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি সহিংসতাকে উসকে দিয়েছেন বলে অভিযোগ করেন রাশেদ।
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের পেছনে জামায়াতের ভূমিকা রয়েছে। জামায়াত আওয়ামী লীগকে উসকানি দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, লংমার্চে সবকিছু তছনছ করে দেওয়ার বক্তব্য দেওয়ার পর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিষয়ে জামায়াত আমিরের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তার দাবি, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ ও সহিংসতার দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না। এসব ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।