জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৫১ পিএম

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল সংক্রান্ত আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত বছরের ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত ঝুলে থাকা বিষয়গুলো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন।

পরে নির্বাচন কমিশন দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয়। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

এর আগে ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয়। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনও প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন বাতিল করে।

এই রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল করলেও শুনানিতে মূল আইনজীবী অনুপস্থিত থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ তা খারিজ করে দেয়। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।

পরবর্তীতে ২০২৪ সালের ১ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। পরে একই বছরের ২৮ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এরপর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুনরায় আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হয়। পরে ২০২৪ সালের ২২ অক্টোবর সেই আবেদন মঞ্জুর হলে মামলাটি মেরিট অনুযায়ী আবার শুনানিতে আসে এবং পরবর্তীতে আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশিত হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970