রামিসা হত্যা: ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি এমপি আমির হামজার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা। এ ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি কোরআনের আলোকে ধর্ষণের বিচার কার্যকরের আহ্বানও জানান এ সংসদ সদস্য।

বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস সড়কে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, দেশে প্রচলিত আইনে রামিসা, আছিয়া কিংবা তানিয়ার মতো ঘটনার সঠিক বিচার সম্ভব নয়। ধর্ষণ প্রতিরোধে কোরআনের সুরা আন-নূরের বিধান কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, সংসদে এ আইন বাস্তবায়ন করা হলে সমাজে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে।

তিনি আরও বলেন, শুধু মঞ্চে বক্তব্য, বিবৃতি বা মানববন্ধন করে ধর্ষণ বন্ধ করা যাবে না। দেশে শরিয়াহভিত্তিক আইন কার্যকর না হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আমির হামজা বলেন, রামিসাকে নিজের সন্তানের মতো বিবেচনা করে বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ধর্ষকদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি কার্যকরের আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ধর্ষণের মতো অপরাধে শুধু কারাদণ্ড বা জরিমানা যথেষ্ট নয়, অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970